পাবনা প্রতিনিধি:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য প্রস্তুতকৃত তেজস্ক্রিয় জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান নিরাপদ সুরক্ষায় বাংলাদেশে এসে পৌঁছেছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরিবহন করে এই জ্বালানি পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রটিতে নিয়ে যাওয়া হয়।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কঠোর গাইডলাইন ও আন্তর্জাতিক সুরক্ষা মানদণ্ড মেনে রাশিয়ার ‘টিভিইএএল’ নিউক্লিয়ার ফ্যুয়েল কোম্পানি থেকে প্রস্তুতকৃত এই ইউরেনিয়াম বাংলাদেশে আনা হয়। বিশেষ বিমানে ঢাকায় নিয়ে আসার পর সড়কপথে সর্বোচ্চ নিরাপত্তা বলয় নিশ্চিত করে চালনাটি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌঁছায়।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জ্বালানি পৌঁছানোর মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তার উৎপাদনের চূড়ান্ত প্রক্রিয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। রূপপুর প্রকল্পের ভৌত অবকাঠামোর কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং ইউরেনিয়াম লোডিং ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার পর দ্রুতই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কেন্দ্রটি চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রাশিয়া ও বাংলাদেশের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই মেগা প্রকল্পটি চালুর মাধ্যমে বাংলাদেশ বিশ্ব পারমাণবিক ক্লাবের ৩৩তম সদস্য হিসেবে নিজস্ব পারমাণবিক শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের এক ঐতিহাসিক যুগে পদার্পণ করছে।
মন্তব্য
0